১১ এমবিপিএসের ঘরে মোবাইল ইন্টারনেটের গতি!

২২ মে, ২০২১ ১৬:৫৬  

মোবাইল ইন্টারনেটের গতিতে ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩২ তম। স্পিডটেস্ট-এর গ্লোবাল ইনডেক্সের এপ্রিল মাসের প্রকাশ করা সূচকে এমন তথ্য উঠে এসেছে।

স্পিডটেস্টের দেয়া তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মোবাইল ইন্টারনেটের গতি ছিল ১০ এমবিপিএস'র ঘরে। এপ্রিল মাসে গড়ে সর্বোচ্চ ১১ দশমিক ৩২ এমবিপিএস ইন্টারনেটের গতি মিলেছে।

প্রতিষ্ঠানটির মার্চ ও এপ্রিল মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, একমাসের ব্যবধানে মোবাইল ইন্টারনেটের গতিতে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

এদিকে সব বিটিএস ৪জিতে রূপান্তরিত হওয়া এবং তরঙ্গ বরাদ্দের ফলে বাংলাদেশের এই উন্নতি আগামীতে আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আরও বলেন, 'আমাদের যে ফিজিক্যাল কানেক্টিভিটি ছিল, সেটি যে স্তরে ছিল তা দিন দিন গ্রো করছে। আমরা এক্সপেন্ড করছি এমনকি ইউনিয়ন পর্যন্ত যাচ্ছি। ভবিষ্যতে ইন্টারনেট গতি আরও ভালো দেখা যাবে। কারণ মোবাইল ইন্টারনেটের যে স্পিড আছে তার পাশাপাশি যদি আমরা ক্যাবল কানেক্টিভিটি থেকে স্পিড দিতে পারি সেটির জন্য ইমপ্রুভমেন্ট প্রক্রিয়াটি আরও ভালো হবে।'

চলতি বছরের মার্চ মাসে মোবাইল ইন্টারনেটের গতির দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৬তম, সেই সময়ে ইন্টারনেটের গতি পাওয়া যায় ১০ দশমিক ৪০ এমবিপিএস।

এদিকে মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে আফগানিস্তান এবং ভেনিজুয়েলা।

একই সূচকে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে অন্য অনেক দেশের চাইতেই এগিয়ে আছে বাংলাদেশ। তবে মার্চের মাসের তুলানায় এপ্রিল মাসে ব্রডব্যান্ড সূচকে কোনো পরিবর্তন হয়নি। ব্রডব্যান্ডের দিক থেকে ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম।

বিশ্বে মোবাইল ইন্টারনেট গতির দিক প্রথম পাঁচ দেশের মধ্যে রয়েছে দুবাই, দক্ষিণ কোরিয়া, কাতার, চীন ও সৌদি আরব এবং ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মোনাক এবং রোমানিয়া।